সাংবাদিকতা, সাহিত্য ও সংস্কৃতিচর্চায় চার দশকের গৌরবময় পথচলা: আজ আব্দুল খালেক ফারুকের জন্মদিন
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ৪:০৯ পূর্বাহ্ণ
ছবি- ধরলা পোস্ট
অনিল চন্দ্র রায়, ধরলা পোস্ট
সাংবাদিকতা, সাহিত্য, নাট্যচর্চা ও সংস্কৃতির বিস্তৃত অঙ্গনে চার দশকেরও বেশি সময় ধরে নিরলসভাবে অবদান রেখে চলেছেন উত্তরাঞ্চলের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামের পরিচিত মুখ সাংবাদিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল খালেক ফারুক। আজ ১ নভেম্বর তাঁর জন্মদিন। ১৯৭১ সালের এই দিনে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
১৯৮৭ সালে লালমনিরহাটের সাপ্তাহিক ‘জানাজানি’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা জগতে তাঁর যাত্রা শুরু। এরপর দীর্ঘ কর্মজীবনে দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
পর্যায়ক্রমে দিনাজপুরের দৈনিক উত্তরা, বগুড়ার দৈনিক উত্তরবার্তা, দৈনিক ভোর, দৈনিক বাংলাবাজার পত্রিকা, দৈনিক মানবজমিন, দৈনিক সমকাল এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এ ছাড়া ঢাকায় সাপ্তাহিক একতার স্টাফ রিপোর্টার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
কুড়িগ্রামের স্থানীয় সাংবাদিকতার বিকাশেও রয়েছে তাঁর গুরুত্বপূর্ণ অবদান। তিনি সাপ্তাহিক ধরলার ভারপ্রাপ্ত সম্পাদক, সাপ্তাহিক গণকথার স্টাফ রিপোর্টার এবং দৈনিক আজকের কুড়িগ্রামের বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালে ইনডিপেনডেন্ট টেলিভিশনের মাধ্যমে টেলিভিশন সাংবাদিকতায় যুক্ত হন।
বর্তমানে তিনি জাতীয় দৈনিক কালের কণ্ঠের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি নিজের সম্পাদনা ও প্রকাশনায় প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা ‘বিভাস’-এর সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন।
সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতিচর্চায়ও তাঁর পদচারণা অত্যন্ত সমৃদ্ধ। তিনি একাধারে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক, নাট্যকার ও গীতিকার। এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৪টি। সাহিত্যকর্মের মধ্যে রয়েছে তিনটি উপন্যাস, ৫০টি গল্প, ১৬টি নাটক এবং প্রায় ২০০টি গান। তিনি বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার ও নাট্যকার হিসেবেও সৃজনশীলতার স্বাক্ষর রেখে চলেছেন।
সাংগঠনিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও রয়েছে তাঁর সক্রিয় অংশগ্রহণ। তিনি কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে দিশারী পাঠাগার ও দিশারী সাংস্কৃতিক গোষ্ঠী, কুড়িগ্রামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। জ্ঞানচর্চা, সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের প্রসারেও কাজ করে যাচ্ছেন তিনি।
পেশাগত জীবনে সাংবাদিকতা ও সাহিত্যচর্চার পাশাপাশি শিক্ষকতা পেশার সঙ্গেও যুক্ত রয়েছেন আব্দুল খালেক ফারুক। তিনি কুড়িগ্রামের কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। শিক্ষকতা, সাংবাদিকতা, সাহিত্য ও সংস্কৃতির সমন্বয়ে তাঁর বহুমাত্রিক কর্মজীবন তাঁকে নিজস্ব পরিচিতি ও স্বাতন্ত্র্য এনে দিয়েছে।
তাঁর জীবনদর্শনের মূলমন্ত্র— ‘সাহিত্যই আমার পথচলা...। এই বিশ্বাসকে ধারণ করেই সাংবাদিকতার পাশাপাশি লেখালেখি, নাট্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সমাজ, মানুষ ও সময়কে তুলে ধরার সাধনায় নিয়োজিত রয়েছেন তিনি। তাঁর সৃষ্টিশীলতা ও কর্মনিষ্ঠা নতুন প্রজন্মের সাংবাদিক, লেখক ও সংস্কৃতিকর্মীদের জন্যও অনুপ্রেরণার উৎস।
জন্মদিনে সাংবাদিক, সাহিত্যিক, নাট্যকার, গীতিকার ও শিক্ষক আব্দুল খালেক ফারুকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সৃজনশীল কর্মময় জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন তাঁর সহকর্মী, শুভানুধ্যায়ী, ভক্ত ও অনুরাগীরা।
শুভ জন্মদিন, আব্দুল খালেক ফারুক।
ধরলা পোস্ট পরিবারের পক্ষ থেকে আপনার জন্মদিনে রইল আন্তরিক অভিনন্দন, অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা। আপনার সৃজনশীল কলম আরও সমৃদ্ধ হোক, সাহিত্য ও সংস্কৃতির পথে আপনার অবদান ছড়িয়ে পড়ুক বহুদূর। আগামীর প্রতিটি দিন হয়ে উঠুক আনন্দময়, সাফল্যমণ্ডিত ও সৃষ্টিশীল। শুভ হোক আপনার আগামীর পথচলা।